
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় কিছুক্ষণ মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত তাকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।